উত্তরার পর এবার করোনার টিকা দেয়া হলো রাজধানীর মিরপুর এলাকার দোকান মালিক ও কর্মচারীদের। মিরপুরকে ৫টি কেন্দ্রে ভাগ করে এখানকার প্রায় ৫ হাজারের বেশি মানুষকে দেয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫টি কেন্দ্রে একযোগে চলে টিকা প্রদান কর্মসূচী।কেন্দ্রগুলো হলো- শাহআলী সিটি করপোরেশন মার্কেট, বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর শপিং সেন্টার, শাহ্আলী প্লাজা এবং জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়।
এসব কেন্দ্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০ জন ভ্যাকসিনেটর ও ৭০ জন স্বেচ্ছাসেবক তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। আঠারো বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীরা তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রহণ করেন করোনার প্রথম ডোজ টিকা। পুরো কার্যক্রম মনিটরের দায়িত্বে ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিসের দুইজন চিকিৎসক।
মিরপুর শপিং সেন্টার কেন্দ্রে সকালে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, সরকারের পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে, ২৬ ফেব্রুয়ারি গণটিকা প্রদানের মাধ্যমে দেশের সকল মানুষকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম জানিয়েছেন, সারাদেশে গণটিকা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরও ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা: মো. বেলাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, বাংলাদেশ দোকান-মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও উত্তর সিটি করপোরেশনের সভাপতি মোহাম্মদ আলী।
কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত ১শ’ জন ভ্যাক্সিনেটর এবং ২শ’ জন দক্ষ স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে করোনা টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গেলে ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা প্রদান কর্মসূচী শুরু হয়। রাজধানী ঢাকাকে বিভিন্ন জোনে ভাগ করে পর্যায়ক্রমে চলছে এই টিকা কর্মসূচী।